মনিরুল ইসলাম: দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এমপি। তাঁর সুস্থতা ও স্বদেশ প্রত্যাবর্তনের খবরে পরিবার, দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।
পরিবারের পক্ষ থেকে মির্জা আব্বাস এর ছোট বোন শাহিদা মির্জা আজ রোববার এক এফবি পোষ্টে এই তথ্য জানান। তিনি লিখেছেন, মহান আল্লাহর অশেষ রহমত, মেডিকেল বোর্ডের পরামর্শ এবং চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় তিনি ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে এসেছেন।
তথ্য অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে তিনি ও তাঁর সহধর্মিণী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ঢাকায় পৌঁছাবেন। তাঁদের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্র জানায়, দীর্ঘ চিকিৎসা শেষে তাঁর দেশে ফেরা শুধু পারিবারিক নয়, রাজনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। নেতাকর্মীরা তাঁর দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া চাওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও স্বাভাবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।