শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৮:৪৩ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২৬, ০৮:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপপ্রচার মোকাবিলায় জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রিন্সের

মনিরুল ইসলাম : বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে একতরফা, পক্ষপাতমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা চলছে। এসব মিথ্যা অপপ্রচার সম্পর্কে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের সূর্যপুর বাজারে বোরাঘাট রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত সভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, গাজিরভিটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সুরুজ্জামান সাগর, হালুয়াঘাট ট্রাইবাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত রেমা এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রিন্স বলেন, আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাত দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণে যেখানে কয়েক বছর সময় লাগে, সেখানে মাত্র ছয় মাসের বিএনপি সরকারকে বর্তমান সংকটের জন্য দায়ী করে অপপ্রচার চালানো হচ্ছে। সংসদেও পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

বোরাঘাট রাবার ড্যামের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পানির নিশ্চয়তা থাকলে জমিতে ফসল থাকবে এবং কৃষকের ঘরে স্বচ্ছলতা আসবে। কৃষক স্বচ্ছল হলে গ্রাম ও দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।

তিনি জানান, বান্দরকাটা, শিমুলকুচি, বরাক, বালুয়াকান্দা, সূর্যপুর, ডুমনিকুড়াসহ বিস্তীর্ণ এলাকার কৃষিজমিতে সেচের পানি পৌঁছে দিয়ে বোরাঘাট রাবার ড্যাম কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে বহু অনাবাদি জমি আবাদযোগ্য হয়েছে।

প্রিন্স আরও বলেন, বোরাঘাট রাবার ড্যামকে শুধু একটি পানি ব্যবস্থাপনা প্রকল্প হিসেবে দেখলে চলবে না; এটি কৃষি অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। নবনির্বাচিত কমিটির প্রতি তিনি পানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি বড় কৃষকের পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সেচের অধিকার সমানভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কৃষি উন্নয়ন মানে শুধু বেশি ফসল উৎপাদন নয়; এর সঙ্গে নিরাপদ পানি, সুস্থ পরিবেশ, কৃষকের ন্যায্য অধিকার ও অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।

রাবার ড্যাম, সেচনালা ও নদীতীর সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্ষায় অতিরিক্ত পানি ব্যবস্থাপনা এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ—উভয় ক্ষেত্রেই সমান গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক, সমবায় সমিতির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং সুষ্ঠু পানি ব্যবস্থাপনার মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে দুপুরে সৈয়দ এমরান সালেহ প্রিন্স হালুয়াঘাটের ঐতিহ্যবাহী বরবন মাদ্রাসা মসজিদের ওজুখানা উদ্বোধন করেন।

  • সর্বশেষ