শিরোনাম
◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০৩:০২ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর

মনিরুল ইসলাম : মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানুষ শান্তিতে থাকতে চায়, আর সেই শান্তি নিশ্চিত করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সব ধরনের সন্ত্রাসী ও অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।

আজ বুধবার  ২৬ আগস্ট সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, মহানবী (সা.) মানবতা, ন্যায়, সাম্য ও শান্তির যে শিক্ষা দিয়ে গেছেন, তা শুধু ধর্মীয় নয়, বরং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। তাঁর আদর্শ অনুসরণ করলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, বর্তমান সময়ে এই আদর্শের চর্চা অত্যন্ত জরুরি।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, “পরিস্থিতি খারাপ হয়েছে তা বলব না, তবে এখান থেকে উত্তরণ দরকার।” তিনি বলেন, সাধারণ মানুষ একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চায়। এজন্য অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন প্রয়োজন।

রুহুল কবির রিজভী জোর দিয়ে বলেন, দেশের সব সন্ত্রাসী ও অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিচার নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

এসময় রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান রিজভী। তিনি বলেন, দ্রুত সময়ে অপরাধীদের গ্রেপ্তার না করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে আরও উদ্বেগ সৃষ্টি হতো।

দোয়া মাহফিলে দলের কেন্দ্রীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ