মনিরুল ইসলাম: মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গ্যাস সরবরাহ বাড়ার ফলে বিদ্যুতের লোডশেডিংও কমে এসেছে।
রোববার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, চলমান জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয়। আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধ পরিস্থিতির কারণে এই সংকট তৈরি হয়েছে। এর পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল, যা ইতোমধ্যে মেরামত করা হয়েছে।
তিনি আরও জানান, এলএনজি ভর্তি কার্গো দেশে এসে পৌঁছেছে এবং এর ফলে গ্যাস সরবরাহে ইতিবাচক প্রভাব পড়ছে। ধীরে ধীরে পরিস্থিতি আরও উন্নতির দিকে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিএনপির সাংগঠনিক বিষয়েও কথা বলেন রিজভী। তিনি জানান, দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে নতুন নেতৃত্ব আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা চলমান থাকবে। তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এই পুনর্গঠন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।