শিরোনাম
◈ বিএনপির সরকারকে ইতিবাচকভাবে দেখছে ভারত, তবে কৌশলগত উদ্বেগ চীনকে ঘিরে ◈ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের ঢাকায় পরিচ্ছন্নতা ও নগরসেবা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি ◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই ◈ প্রশাসনে বড় রদবদল, সচিবালয়ে নতুন মুখের অপেক্ষা ◈ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে ◈ রাবিতে শিক্ষার্থীকে মারধর: জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা ◈ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ, ‘ইতিবাচক অগ্রগতি’র কথা জানালেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ◈ টেকসই কৃষি-সবুজ শিল্পে ঋণ কমেছে, বেড়েছে টেকসই অর্থায়ন

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ০২:৩৮ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম (ভিডিও)

‘সন্ত্রাসী কার্যক্রম ও দখলদারিত্বের’ প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করি। কিন্তু জিয়াউর রহমানের ছবি ও পোস্টার টানিয়ে, বেগম খালেদা জিয়ার ছবি ও পোস্টার টানিয়ে সন্ত্রাস করবেন, জমি দখল করবেন, ভূমি দখল করবেন—এটা আমরা মেনে নেব না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে একটি পথসভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘বিগত ১৬ বছর দেশে মুজিবের নামে ব্যবসা হয়েছে। এখন আমরা জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেব না। অবিলম্বে জিয়া ব্যবসা বন্ধ করেন, সন্ত্রাসবাদ বন্ধ করেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।’

তিনি বলেন, ‘কথা বলার অধিকার থাকতে হবে। জনগণের কর্মসংস্থানের অধিকার, জনগণের খাবারের অধিকার—সবকিছু নিশ্চিত করতে হবে। সংস্কার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত করতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘নিজেদের জীবনের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার এবং জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেব না, দেব না, দেব না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘প্রিয় তারেক রহমান, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি বলেছিলেন দেশে এসে আপনার পরিকল্পনা রয়েছে। এটা আপনার কেমন পরিকল্পনা? একজন কলেজে পড়ুয়া শিক্ষার্থীর চোখ কেড়ে নেওয়া হয়েছে। হবিগঞ্জের জিকে গউসের অনুসারীরা হামলা চালিয়ে একজন জুলাইযোদ্ধার চোখ নষ্ট করে ফেলেছে; এই চোখ তারেক রহমান আপনাকে ফেরত দিতে হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা গুলি করে আমার শত শত ভাই-বোনের চোখ নষ্ট করে আজ দিল্লিতে নির্বাসিত। তারেক রহমান, এই নতুন বাংলাদেশে আমার আরেক ভাইয়ের চোখ নষ্ট করে কী বার্তা দিতে চাচ্ছেন? দেশের জনগণ এটা মেনে নেবে না। অবশ্যই সেই কিশোরের চোখ কীভাবে ফেরত দেবেন আমরা জানি না, কিন্তু সেই চোখ ফেরত না দেওয়া পর্যন্ত আমরা ঘর ছাড়ব না।’

কানাইঘাটবাসীর উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা স্পষ্ট নমুনা দেখতে পাচ্ছি আগামী স্থানীয় সরকারের নির্বাচনে কী হতে যাচ্ছে। এসব লাঠিয়াল বাহিনী ও সন্ত্রাসীদের দিয়ে আবারও ভোট কারচুপি করা হবে, জনগণের অধিকার কেড়ে নেওয়া হবে—আপনাদেরকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। জাতীয় নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে তা ঠেকাতে পারি নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি, কোনো ধরনের লাঠিয়াল বাহিনী, কোনো ধরনের সন্ত্রাসীদের আমরা জায়গা করতে দেব না।’

পথসভায় বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপি নেতা সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ ও ডা. মাহমুদা মিতু।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়