শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতি থেকে সরে গিয়ে অন্তরালে ‘মাস্টারমাইন্ড’ মাহফুজ আলম, এখন কী করছেন তিনি?

৫ আগস্টের পটপরিবর্তনের পর নানা কারণে আলোচিত হন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। সরকারে থাকলেও দেশের সমসাময়িক বিষয়ে নিজের মন্তব্য প্রকাশ করতেন তিনি। ফেসবুকে সময়ে-অসময়ে তার বিস্ফোরক স্ট্যাটাসে উত্তপ্ত হয়ে উঠতো রাজনৈতিক অঙ্গন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জুলাই আন্দোলন থেকে তার উত্থান হয়। তখন তিনি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য।

পরে জুলাইয়ের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দেন। এতে প্রথমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী এবং পরবর্তীকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

জুলাইয়ে তিনি নেপথ্যে থেকে আন্দোলন করেছেন বলে আলোচনা আছে। অনেকে তাকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবেও অভিহিত করেন।

২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার দীর্ঘদিনের বন্ধু বিল ক্লিনটনের সঙ্গে মাহফুজ আলমকে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দেন। অবশ্য পরবর্তী সময়ে নিজেকে ‘মাস্টারমাইন্ড’ নন বলে ব্যাখ্যা করেন মাহফুজ আলম।

এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই মাস আগে গত ১০ ডিসেম্বর তিনি সরকার থেকে পদত্যাগ করেন। তখন রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল তিনি লক্ষ্মীপুর-১ আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করবেন। অথবা এনসিপি থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে শেষ পর্যন্ত তিনি কোনও দলে যোগ দেননি বা নির্বাচনে অংশগ্রহণ করেননি। তবে নির্বাচনের পর ‘অল্টারনেটিভস’ নামে তিনি নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন। দুই-একবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেখা গেলেও তেমন কার্যক্রম নেই এই সংগঠনটির। মাহফুজ আলম নিজেও অনেকটা অন্তরালে চলে গেছেন। তিনি এখন কী করছেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা হচ্ছে।

‘অল্টারনেটিভস’-এর কাজ কী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাহফুজ আলমের নেতৃত্বে গঠন করা হয় নতুন রাজনৈতিক দল ‘অল্টারনেটিভস’। এনসিপি ছেড়ে আসা অনেকেই এই দলে রয়েছেন।

রাজনীতিতে দেশের তরুণদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার জন্য সারা দেশের ছাত্র-নাগরিকদের পুনর্গঠনের লক্ষ্য নিয়ে ‘অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং কমিটি’ গঠন করা হয়।

গত ৬ মার্চ রাতে যাত্রা করা ১৭ সদস্যের এই কমিটির নাম বাংলায় ঘোষণা করা হয় জাতীয় সাংগঠনিক কমিটি। এই কমিটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সাবেক নেতাও রয়েছেন।

জাতীয় সাংগঠনিক কমিটিতে মাহফুজ আলম ছাড়াও অন্য সংগঠকরা হলেন—আহমেদ ইবনে আরিফ (অনি), ইমান সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, তাজনূভা জাবীন, দুর্জয় দাশগুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী।

তবে মাহফুজ আলমের নেতৃত্বে যাত্রা শুরু হলেও দুই-একটি অনুষ্ঠানের বাইরে তাদের চোখে পড়ার মতো কোনও কর্মসূচি নেই।

যুক্তরাষ্ট্রে যেভাবে ‘মাস্টারমাইন্ড’কে পরিচয় করিয়ে দেন ইউনূস

জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের “ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ” অনুষ্ঠানে যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস।

এই অনুষ্ঠানের মঞ্চে তিনি তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফরসঙ্গীদের তিন জনকে পরিচয় করিয়ে দেন। এর মধ্যে তৎকালীন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেন।

এ সময় মাহফুজকে সামনে এগিয়ে দিয়ে তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সব সময় বলেন, সে একা নয়, আরও অনেকে আছেন।’’ মাহফুজকে দেখিয়ে ড. ইউনূস বলেন, “তার কথা শুনলে সারা পৃথিবীর যেকোনও তরুণ অনুপ্রাণিত হবে। তারা নতুন বাংলাদেশ তৈরি করবে।’’

কেন নির্বাচন করলেন না

মূলত নির্বাচনে অংশগ্রহণের জন্যই গত বছরের ১০ ডিসেম্বর সরকারের উপদেষ্টা পদ ছাড়েন মাহফুজ আলম। তার পক্ষে লক্ষ্মীপুর-১ আসনের মনোনয়ন ফরমও তোলা হয়েছিল। প্রথমে তিনি বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে আসেন। এরপর এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়। তবে জামায়াত ও সমমনা ১১ দলীয় নির্বাচনি সমঝোতায় এনসিপির যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর মাহফুজ সেখানেও না থাকার স্পষ্ট ঘোষণা দেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লেখেন, এই সমঝোতার আওতায় প্রার্থী হতে প্রস্তাব তাকেও দেওয়া হয়েছিল। তবে তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না। তিনি জানান, আদর্শিক কারণে কোনও দল বা জোটের অংশ হয়ে নির্বাচনে যাননি তিনি।

কী করছেন, কী করবেন?

রাজনৈতিকভাবে সক্রিয় না থাকলেও নিজের তত্ত্বাবধানে লাইসেন্স পাওয়া দুটি স্যাটেলাইট টেলিভিশন ‘লাইভ টিভি’ এবং ‘নেক্সট টিভি’-কে সামনে আনার কাজ করছেন মাহফুজ আলম। নাম প্রকাশে অনিচ্ছুক তার ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।

যদিও ভিন্ন কথা বলেছেন মাহফুজ আলমের প্রতিষ্ঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সিনিয়র নেত্রী ডা. তাজনূভা জাবীন। বাংলা ট্রিবিউনকে তিনি জানান, মাহফুজ আলম তার নিজের সংগঠনের কার্যক্রম চালাচ্ছেন। সারা দেশের সংগঠকদের খোঁজ-খবর রাখছেন। তিনি অবশ্যই রাজনীতিতে আরও সক্রিয় হবেন।

জুলাইয়ের শক্তি হিসেবে মাহফুজ আলম এনসিপির সঙ্গে যোগাযোগ রাখছেন কিনা জানতে চাইলে দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে। শুনেছি তিনি তার রাজনৈতিক প্ল্যাটফর্মের কার্যক্রম চালাচ্ছেন। তবে এখনই আমাদের সঙ্গে কাজ করবেন কিনা, তা বলতে পারছি না।’’

এখন কী  করছেন জানতে মাহফুজ আলমের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়