শিরোনাম
◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০২:০৮ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শেখ হাসিনার রায় নিয়ে আতঙ্ক বিরাজ করছে: ফখরুল ইসলাম

মনিরুল ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি মহল পরিস্থিতি অস্থিতিশীল করে নৈরাজ্য ছড়ানোর চেষ্টা করছে। রোববার জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যা মামলার রায় বের হবে। এ নিয়ে সারাদেশে এক ধরনের অনিশ্চয়তা ও আতঙ্ক রয়েছে। একটি মহল এ পরিস্থিতি ব্যবহার করে দেশে পুনরায় নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। এই নৈরাজ্যের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন আমরা নষ্ট না করি। গণতন্ত্রের উত্তরণকে সহজ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

বিএনপি মহাসচিব মওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, তার চিন্তা-চেতনা থেকেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে পথ পাওয়া যেতে পারে।

বর্তমান রাজনীতির অবস্থা নিয়ে তিনি বলেন, “আজ বাংলাদেশের রাজনীতি বিভ্রান্তির এক পর্যায়ে আছে। বিভিন্ন অচিন্তনীয় বিষয় রাজনীতিতে ঢুকে পড়ছে, যা দেশের আত্মার সঙ্গে যায় না।”

তিনি দাবি করেন, ১৬ বছর ধরে বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, অনেক নেতাকর্মী মামলা-গ্রেপ্তার-নিপীড়নের শিকার হয়েছেন। সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জনআকাঙ্ক্ষা পুরোপুরি প্রতিফলিত হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, “এই সরকার রাজনৈতিক কাঠামো স্থিতিশীল করতে চেয়েছে। তবে তা জনগণের আশা–আকাঙ্ক্ষার সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, তা এখনই বলা কঠিন।”

তিনি আবারও পুনর্ব্যক্ত করেন, “গণতন্ত্রে ফেরার একমাত্র পথ নির্বাচন। সুষ্ঠু নির্বাচন ছাড়া জনগণের ইচ্ছা প্রতিফলন সম্ভব নয়।”

মির্জা ফখরুল বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে—এমন সম্ভাবনা তৈরি হলেও কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে অনিশ্চয়তা বাড়াতে চাইছে এবং বিভিন্ন দাবি তুলে নির্বাচনকে ব্যাহত করতে চাইছে।”

তিনি সব রাজনৈতিক দলকে নির্বাচনে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচিত সরকার ছাড়া দেশের অর্থনীতি, আইনশৃঙ্খলা—সব ক্ষেত্রই আরও খারাপের দিকে যাবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বক্তব্য দেন অধ্যাপক মাহবুব উল্লাহ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ, হেলেন জেরিন খান, হেলাল খান, তকদীর হোসেন জসিম প্রমুখ।

জাতীয় কমিটির দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা আয়োজন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়