শিরোনাম
◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ ◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

মনিরুল ইসলাম: সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্যে জাতীয় সংসদের অধিবেশনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যাংক রেজল্যুশন আইন-২০২৬ নিয়ে আলোচনার সময় স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে সরকারি দলের সদস্যদের মধ্যে হইচই শুরু হয়। একইসঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের এজলাস ত্যাগের ঘটনায় বিরোধী দল উদ্বেগ প্রকাশ করলে অধিবেশন আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আজ বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে এই পরিস্থিতির সৃষ্টি হয়। রুমিন ফারহানা তার বক্তব্যে সরকারের রাজনৈতিক আচরণ, দুর্নীতি ও ঋণখেলাপির বিষয় তুলে ধরলে সরকারি দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকার বারবার ‘অর্ডার, অর্ডার’ বলে সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।

রুমিন ফারহানা বলেন, “প্রত্যেক সরকারের একটি চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় এলেও গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট পুরোপুরি দূর হবে—এমনটা ভাবার সুযোগ নেই।” তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে ঋণখেলাপিদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রবণতা পুরোনো রাজনৈতিক সংস্কৃতিরই অংশ। তার বক্তব্য চলাকালে সরকারি দলের তীব্র প্রতিক্রিয়ায় অধিবেশন কক্ষে উত্তেজনা চরমে পৌঁছে।

পরবর্তীতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রুমিন ফারহানার বক্তব্যের জবাব দেন এবং সংসদের শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন।

অধিবেশনের আরেক পর্যায়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির মধ্যে প্রকাশ্য বাদানুবাদ এবং পরবর্তীতে বিচারপতিদের এজলাস ত্যাগ জনগণের মধ্যে বিভ্রান্তি ও শঙ্কা তৈরি করেছে।

তিনি আরও বলেন, বিচার বিভাগ জনগণের ন্যায়বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। সেখানে এমন পরিস্থিতি সৃষ্টি হলে তা রাষ্ট্রের জন্য অশনিসংকেত হতে পারে। এ বিষয়ে আইনমন্ত্রীর ব্যাখ্যা দাবি করেন তিনি।

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আদালতের এজলাসে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয় এবং ঘটনাটি অনভিপ্রেত। তবে তিনি উল্লেখ করেন, অতীতেও আদালতে এমন ঘটনা ঘটেছে এবং পরে তা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সাম্প্রতিক ঘটনাতেও বিচার কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

এদিকে অধিবেশনে মুন্সিগঞ্জের সংসদ সদস্য মো. কামরুজ্জামান নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, অবৈধ বালুমহাল বন্ধের উদ্যোগ নেওয়ার পর একটি চক্র তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিচ্ছে। ডেপুটি স্পিকার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনার আশ্বাস দেন।

উল্লেখ্য, ডেপুটি স্পিকার পূর্বেও গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছিলেন। তবে সাম্প্রতিক এই উত্তেজনা সংসদে রাজনৈতিক সহনশীলতার প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে।

  • সর্বশেষ