মনিরুল ইসলাম: বাংলাদেশ সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদে চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী ও সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। সংসদের কার্যক্রমকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও কার্যকর করতে এই কমিটিগুলো গঠন করা হয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার ৭ সেপ্টেম্বর সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পিটিশন কমিটি গঠন করেন।
গঠিত চারটি কমিটি হলো—
১. কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি
২. সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি
৩. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
৪. পিটিশন কমিটি
কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি
সংসদের কার্যপ্রণালী-বিধির ২৬৪ বিধি অনুযায়ী ১২ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, মো. আসাদুজ্জামান, এ. এম. মাহবুব উদ্দিন, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আখতার হোসেন।
সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি
কার্যপ্রণালী-বিধির ২৪৫ বিধি অনুসারে ৮ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এ. এম. মাহবুব উদ্দিন। সদস্য হিসেবে রয়েছেন গোলাম মোহাম্মদ সিরাজ, মো. জাহিদুর রহমান, শাহ মো. ওয়ারেশ আলী মামুন, মো. মোস্তাফিজুর রহমান, মো. মাহবুবুল আলম, নূরুন্নিসা সিদ্দীকা এবং জি. এম. নজরুল ইসলাম।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
কার্যপ্রণালী-বিধির ২৪৬ থেকে ২৪৮ বিধির আলোকে ১০ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে মো. রেজাউল করিম বাদশাকে। সদস্যদের মধ্যে রয়েছেন আহম্মদ সোহেল মনজুর, মো. লুৎফুজ্জামান বাবর, মো. মোশারফ হোসেন, শেখ মজিবুর রহমান ইকবাল, এম মঞ্জুরুল করিম রনি, ফেরদৌসী আহমেদ, মো. রুহুল আমিন এবং মো. তাজউদ্দীন খান।
পিটিশন কমিটি
সংসদের কার্যপ্রণালী-বিধির ২৩১ ও ২৩২ বিধি অনুযায়ী নাগরিকদের আবেদন ও পিটিশন পর্যালোচনার জন্য ১০ সদস্যের পিটিশন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতিও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সদস্য হিসেবে রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, নূরুল ইসলাম মনি, এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), রকিবুল ইসলাম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাহিদ ইসলাম এবং মো. রফিকুল ইসলাম খান।