মনিরুল ইসলাম : রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এতদিন প্রধানমন্ত্রীের পাশের দ্বিতীয় আসনে বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর রাষ্ট্রপতি পদে অভিষেকের পর সেই আসনটি শূন্য হয়ে পড়ে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নতুন এই পরিস্থিতিতে ট্রেজারি বেঞ্চের আসনবিন্যাস পুনর্বিন্যাস করা হয়েছে। এর অংশ হিসেবে আজ থেকে প্রধানমন্ত্রীর পাশের দ্বিতীয় আসনে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর আগে তিনি চতুর্থ আসনে অবস্থান করতেন।
অন্যদিকে, এতদিন দ্বিতীয় আসনের পরের চেয়ারে বসতেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন বিন্যাসেও তিনি তার অবস্থান ধরে রাখছেন বলে জানা গেছে, তবে সামনে সারিতে নেতৃত্বের ক্রমধারায় পরিবর্তন দৃশ্যমান হয়েছে।
সংসদের ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাস সাধারণত সরকারদলের শীর্ষ নেতৃত্ব ও মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের গুরুত্ব অনুযায়ী নির্ধারিত হয়। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্ব গ্রহণের ফলে সেই ধারাবাহিকতায় এই পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।