মনিরুল ইসলাম : প্রধানমন্ত্রী ও সংসদনেতা তারেক রহমান বলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশনের (বিটিএমসি) বন্ধ বস্ত্রকলগুলোকে চালু ও লাভজনক করার লক্ষ্যে সরকার কাজ করছে। ইতিমধ্যেই এই বিষয়ক দুটি সভা হয়েছে।
আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সংসদ সদস্য মোসাঃ ফরিদা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রী অনুগ্রহ করে বলবেন কি, বস্ত্র ও পাট খাতে বিনিয়োগ করার লক্ষ্যে সরকার বিনিয়োগকারীদের কোনো সহায়তা করবে কিনা; করলে, তা কী? এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বন্ধ বস্ত্রকলগুলো চালুর আশ্বাস দেন।
সংসদে প্রধানমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে, বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন ১৫টি বন্ধ অচল সরকারি বস্ত্রকল পাবলিক প্রাইভেটপার্টনারশিপ (পিপিপি), বেসরকারি উদ্যোগে এবং দুটি বন্ধ বস্ত্রকল দীর্ঘমেয়াদি লিজের মাধ্যমে পুনরায় চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ তাঁত বোর্ডে বাস্তবায়নাধীন "বাংলাদেশের সোনালী ঐতিহ্য মসলিনের সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার (২য় পর্যায়)" শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে মসলিন উদ্যোক্তা ও তাদের অধীন তাঁতি ও স্পিনারদের প্রশিক্ষণসহ কারিগরি সেবা দেয়া হবে। পাট খাতে বিনিয়োগকারীদেরকে সরকার বিভিন্ন ধরনের সহযোগিতা করছে। পাটশিল্পে বিনিয়োগের মাধ্যমে উৎপাদিত পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে সরকার বিনিয়োগকারীদের আর্থিক প্রণোদনা দিচ্ছে। বর্তমানে পাটপণ্য ক্রয়-বিক্রয়ের উপর মূল্য সংযোজন কর মওকুফ করা হয়েছে। এতে বিনিয়োগকারীগণ পাটশিল্পে বিনিয়োগ করতে আরও উৎসাহ বোধ করছে। পাটচাষীদের জন্য বীজ সরবরাহ এবং তাদের মনিটরিং করার জন্য 'উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ' শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বস্ত্র খাতে বিনিয়োগকারীদেরকেও সরকার বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছে। বস্ত্র খাতে বিনিয়োগকারীদের শুল্ক মুক্ত টেক্সটাইল মেশিনারীজ আমদানি করতে বস্ত্র অধিদপ্তর হতে সুপারিশ করা হয়। বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে তাঁতখাতে বিনিয়োগকারীদের নীতিগত ও কারিগরি সহায়তা করা হয়। বাংলাদেশ তাঁত বোর্ডের আওতায় বিদ্যমান সার্ভিস সেন্টারসমূহ হতে স্বল্পমূল্যে ডাইং, প্রিন্টিং, ক্যালেন্ডারিং, ওয়াশিংসহ বিভিন্ন সেবা হয়ে থাকে।