শিরোনাম

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ০৪:২৬ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের বিশেষ সুযোগ, সংসদে জানালেন শিক্ষামন্ত্রী

মনিরুল ইসলাম : সারাদেশে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এ বৈরী আবহাওয়াসহ বিভিন্ন অনিবার্য কারণে যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সরকার। এ সকল পরীক্ষার্থীরা স্থগিত হওয়া বিষয়ের পরীক্ষার সাথে অভিন্ন প্রশ্নপত্রে পুনরায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। একই সাথে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় ভুল প্রশ্ন প্রণয়নের দায়ে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ওই ভুলের কারণে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এসব তথ্য জানান। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী জানান, সারাদেশে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এ মোট ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। তবে সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচটি জেলা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে ১৯তম পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও ঢাকাসহ দেশের কিছু কিছু জেলায় বিচ্ছিন্নভাবে বেশ কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বহুবিধ প্রতিকূলতার কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।

অনুপস্থিত পরীক্ষার্থীদের বিষয়ে সরকারের বিশেষ উদ্যোগের কথা জানিয়ে ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হওয়ায় বিশেষ বিবেচনায় এই সুযোগ দেওয়া হচ্ছে। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ও সময়ে এই বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুল প্রশ্নপত্রের বিষয়ে কড়া পদক্ষেপের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী সংসদে বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নপত্র প্রণয়নের জন্য দায়ী ব্যক্তিদের ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ছয় নম্বর এবং সাত নম্বর প্রশ্নে যে ভুল ছিল, তার জন্য ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান করা হবে।

  • সর্বশেষ