মনিরুল ইসলাম : দেশে প্রতি বছর আনুমানিক ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন নতুন ক্যান্সার রোগী শনাক্ত হন। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোতে ৪৮৫টি এক্স-রে এবং ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ৩১০টি হাসপাতালে মোট ৪৮৫টি এক্স-রে মেশিন অকেজো রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ মেরামতের অযোগ্য, আর বাকি ৬০ শতাংশ মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে।
এছাড়া ২৫২টি হাসপাতালে ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো রয়েছে। এর মধ্যে ৩৫ শতাংশ মেরামতের অযোগ্য এবং অবশিষ্ট ৬৫ শতাংশ মেরামতের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর এমআরআই, সিটি স্ক্যান, ডায়ালাইসিস ও আইসিইউর ভারী চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়ের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বর্তমানে চারটি এমআরআই মেশিন কেনার কার্যক্রম চলমান রয়েছে।
গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদ ৪১ হাজার ৮০৬টি। এর মধ্যে বর্তমানে শূন্য রয়েছে ৯ হাজার ৪০৭টি পদ।
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার, সংক্রমণ নিয়ন্ত্রণে দুর্বলতা এবং মানব ও প্রাণী খাতে অনিয়ন্ত্রিত প্রয়োগের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা (আইএআরসি)-এর গ্লোবোক্যান ২০২২ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন নতুন ক্যান্সার রোগী শনাক্ত হন। একই সময়ে ক্যান্সারে মারা যান প্রায় ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জন। বর্তমানে দেশে প্রায় ৩ লাখ ১৬ হাজার ৪১৭ জন ক্যান্সার রোগী জীবিত অথবা চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার এবং পুরুষদের মধ্যে ফুসফুস ও মুখ-ঠোঁটের ক্যান্সারের প্রকোপ সবচেয়ে বেশি।
ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে দেশের আটটি বিভাগীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা ইউনিট স্থাপনের প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলেও জানান তিনি।
ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৪ হাজার ৪৬০টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। যেসব ওয়ার্ডে এখনো কমিউনিটি ক্লিনিক নেই, সেখানে জমি ও বাজেট পাওয়া সাপেক্ষে আরও ৫৪০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবিরের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সন্তান জন্ম দিতে গিয়ে কোনো মা মারা গেলে রাষ্ট্রীয়ভাবে কোনো ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা বর্তমানে নেই।
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যার তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি রোগী ভর্তি থাকেন।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানার প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
অন্যদিকে, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মাজেদুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেন, দেশে বর্তমানে কতজন ইমাম ও মুয়াজ্জিন কর্মরত আছেন, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই।
তবে ২০২০ সালের তথ্য অনুযায়ী দেশে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ রয়েছে। সে হিসেবে আনুমানিক ইমাম ও মুয়াজ্জিনের সংখ্যা প্রায় ৬ লাখ ৬২ হাজার ২৫০ জন হতে পারে।
তিনি আরও জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমানে ১২ হাজার ৮১০ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক সম্মানী ভাতার আওতায় আনা হয়েছে।