আপনি একটু আড়াল হলেই আপনার শিশুসন্তান দাঁত দিয়ে নখ কাটে। আপনি বকাঝকা আর ধমক দিয়েও কাজ হয় না। এমনকি মারধর করেও বদভ্যাস ছাড়াতে পারেন না। এ নিয়ে আপনি হিমশিম খাচ্ছেন।
এ বিষয়ে মনোবিদরা বলছেন, আপনার শিশুসন্তানকে শাসন করে সহজে এমন অভ্যাস ছাড়াতে পারবেন না। তবে তা খুব সহজেই সেই কাজ করতে পারবেন, যদি সঠিক যুক্তি দিয়ে তাকে বোঝাতে পারেন, সে কাজ খুব সহজই সম্ভব।
মুখের মধ্যে আঙুল দিয়ে রাখা শিশুর সহজাত প্রবৃত্তি। পড়তে বসে, টিভি দেখতে দেখতে কিংবা খেলার সময়েও মুখের মধ্যে আঙুল পুরে রাখে শিশুরা। আবার কেউ কেউ মা-বাবার চোখের আড়াল হলেই দাঁত দিয়ে নখ, নখের চারপাশের চামড়া কেটে ফেলে। যে কারণে প্রায়শই পেটের অসুখে ভোগে আপনার সন্তান।
মনোবিদরা বলছেন, প্রথমে জানতে হবে— আপনার শিশুসন্তান কেন দাঁত দিয়ে নখ কাটে। দাঁত দিয়ে নখ কাটা হলো এক ধরনের ‘নার্ভাস হ্যাবিট’। জীবনের যে কোনো সময় এই বদভ্য়াস দেখা দিতে পারে। পরিণত বয়সে পৌঁছেও অনেককে দাঁত দিয়ে নখ কাটতে দেখা যায়। একাকীত্ব, অবসাদ আর দুশ্চিন্তা থেকেও এমন নানা ধরনের বদভ্যাস তৈরি হয়।
তাই ভালো অভ্যাস তৈরি করার আগে খতিয়ে দেখতে হবে আপনার শিশুর মনে কোথাও কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা। মা-বাবার সঙ্গে সম্পর্ক সহজ ও স্বাভাবিক না হলেও এ ধরনের সমস্যা হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক, কোন উপায়ে আপনার শিশুর এ বদভ্যাস ছাড়াবেন—
১. বোঝার চেষ্টা করুন ঠিক কোন পরিস্থিতিতে আপনার শিশুসন্তান দাঁত দিয়ে নখ কাটে। সেই সময় তাকে অন্য কিছুতে ব্যস্ত রাখার চেষ্টা করুন।
২. আপনার শিশুর নখ খুব তাড়াতাড়ি বড় হয়। তাই প্রতি সপ্তাহে তাদের বেড়ে যাওয়া নখ কেটে দিন। নখ বড় না থাকলে দাঁত দিয়ে কাটতে পারবে না।
৩. দাঁত দিয়ে নখ কাটলে ঠিক কী কী শারীরিক সমস্যা হতে পারে, তা বুঝিয়ে বলুন।
৪. আর নখে তেতো কিছু লাগিয়ে দেখতে পারেন। তাতে এ বদভ্যাস একেবারেই ত্যাগ করতে পারবে আপনার সন্তান।
৫. সহজ পন্থায় কাজ না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র: যুগান্তর