স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অস্থিরতা যেন কাটছেই না। গত কয়েক সপ্তাহে একাধিক পরিচালক পদত্যাগ করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। বিসিবি পরিচালকের পদ ছেড়ে দিলেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনিত ইয়াসির মোহাম্মদ ফয়সাল।
বৃহস্পতিবার সকালে বিসিবি সভাপতি বরাবর পদত্যাগ পত্র দিয়েছেন ফয়সাল। ব্যক্তিগত কারণে পদ ছাড়ছেন তিনি। তবে ফয়সালের পদত্যাগের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন ফয়সাল। তার পদত্যাগে পদটি এখন শূন্য।
এর আগে বিসিবি পরিচালকের পদ ছেড়েছেন ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন। দুজনই পদ ছাড়ার পেছনে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। একই কারণ দেখিয়ে পদ ছাড়লেন ফয়সাল।
এমন সংকটময় সময়ে আগামী ৪ এপ্রিল বোর্ড সভায় বসতে যাচ্ছেন পরিচালকরা। যেসব বোর্ড কর্তারা সভায় স্বশরীরে উপস্থিত থাকতে পারবেন না, তারা অনলাইনে যুক্ত থাকবেন।
এদিকে, বিসিবি নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে এনএসসি। সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় ৩০ বোর্ড পরিচালকের সাথে কথা বলেছেন তদন্ত কর্মকর্তারা। আগামী ১০ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেন তারা।