স্পোর্টস ডেস্ক : মারকুটে ব্যাটার সাব্বির রহমান দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। সবশেষ ২০২২ সালে লাল-সবুজের জার্সিতে খেলেছেন ডানহাতি এ ব্যাটার। ক্রাইস্টচার্চে সেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পর সাব্বিরকে জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি।
তবে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও আশা ছাড়েননি সাব্বির। চেষ্টা চালিয়ে যাচ্ছেন হারানো জায়গা ফিরে পাওয়ার। সেইসাথে সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডানহাতি এ ব্যাটার।
জাতীয় দলের ফেরার মঞ্চ হিসেবে নিয়মিত ঘরোয়া লিগে খেলছেন সাব্বির। খুব বেশি যে আহামরি পারফর্ম করছেন ব্যাপারটা তেমনও নয়। তবে সাব্বিরের যে পারফরম্যান্স তাকে খারাপ বলারও উপায় নেই। অনেকবারই একা হাতে জিতিয়েছেন ম্যাচ। জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠলেও, শেষ পর্যন্ত আর তা হয়নি। -- ডেইলি ক্রিকেট
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে সাব্বির লিখেছেন, ‘আমাকে বেশিরভাগ মানুষ একটা প্রশ্ন করে যে আমি কবে জাতীয় দলে খেলব অথবা কবে ঢুকব। তো আমার উত্তর হয় আল্লাহ-পাক যেদিন হুকুম দেবেন, সেদিন ইনশা-আল্লাহ। আমার যুদ্ধ সমস্ত সিস্টেমের সঙ্গে, যা আমি শেষ ৩/৪ বছর ধরে করছি এবং আমি করে যাব ইনশা-আল্লাহ। সবাই আমার জন্য দুয়া করবেন, ভালো থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা।
সবশেষ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন সাব্বির। বড় ইনিংস খেলতে না পারলেও বেশ কয়েকটা ক্যামিও ছিল তার ব্যাটে। এরপর বিসিএলে সাব্বির খেলেছেন উত্তরাঞ্চলের হয়ে। সেখানে ছিল একটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস।