শিরোনাম
◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৫:০২ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের সংঘাতে দুই বাংলাদেশির মৃত্যু, সাতজন আহত: পররাষ্ট্র মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সংঘাতের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ছাড়া পৃথক ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি বেসামরিক স্থাপনায় ড্রোন হামলায় সালেহ আহমেদ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর বাড়ি সিলেটের বড়লেখায়। বর্তমানে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

এ ছাড়া বাহরাইনে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে তাঁর নাম বা পরিচয় সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি। বাহরাইনে এই ঘটনায় আরও তিন বাংলাদেশি আহত হয়েছেন। মানামায় অবস্থিত বাংলাদেশ মিশন এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

এদিকে কুয়েতের একটি বেসামরিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় আরও চার বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁদের অবস্থা স্থিতিশীল। বাংলাদেশের রাষ্ট্রদূত হাসপাতালে গিয়ে তাঁদের খোঁজ নিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে। তবে জাহাজের ক্যাপ্টেনসহ সব ক্রু সদস্য নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে দূতাবাস।

মধ্যপ্রাচ্যে পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রায় ৬০ লাখ বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করা এখন সরকারের প্রধান অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসগুলোকে প্রবাসীদের জন্য প্রয়োজনীয় সতর্কতা ও পরামর্শ (অ্যাডভাইজরি) জারি করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

সরকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়