শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার জানাজায় জনস্রোত: ভিড় সামলাতে খুলে দেয়া হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেট

আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনস্রোত নেমেছে। সকাল থেকেই সাধারণ মানুষ, বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের ঢলে পুরো এলাকা পরিণত হয়েছে শোকাতুর মানুষের সমাবেশে। বিপুল ভিড় সামাল দিতে এবং জানাজার ব্যবস্থা সুসম্পন্ন করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেওয়া হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার পর জিয়া উদ্যানসংলগ্ন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার গেট খুলে দেওয়া হলে লাখো মানুষের ঢল দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করে। জানাজার জন্য দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ উন্মুক্ত রাখা হয়েছে।

মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সকাল থেকেই শোকাহত মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা মানুষের চোখেমুখে প্রিয় নেত্রীকে হারানোর বেদনা স্পষ্ট।

নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, বাড়িতে থাকতে পারিনি। নিজের খরচে ছুটে এসেছি নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে। 

নারায়ণগঞ্জ থেকে আসা ফারুক আহমেদ ও শ্যামল কুমার বলেন, এমন দেশপ্রেমিক সাহসী নেত্রী আর পাব কিনা জানি না। তাই শেষ শ্রদ্ধা জানাতেই এসেছি।

আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর নিশ্চিত করেছে।

এদিকে জানাজা নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদারে এই মোতায়েন করা হয়েছে। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়