শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ১১:৩৩ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

‘আগামী ২৫ বছর স্বস্তিদায়ক আবহাওয়ায় হবে হজ’

মনজুর এ আজিজ: তীব্র দাবদাহে হজের দিনগুলোর সেই দুঃসহ অভিজ্ঞতা থেকে দীর্ঘদিনের জন্য মুক্তি পেতে যাচ্ছেন বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের (এনসিএম) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সাল থেকে শুরু হতে যাচ্ছে হজের এক নতুন ঋতুচক্র। এর ফলে আগামী অন্তত ২৫ বছর পবিত্র হজ আর গ্রীষ্মকালে পড়বে না। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসাইন আল-কাহতানি এক বিবৃতিতে এই স্বস্তিদায়ক তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস বলছে, এ বছর হজের মৌসুমে বড় ধরনের পরিবর্তন আসছে। আগামী বছর থেকে পরবর্তী টানা আট বছর হজ হবে বসন্তকালে। এরপরের আট বছর হজ অনুষ্ঠিত হবে শীতকালে। শীতকাল শেষ হওয়ার পর পরবর্তী কয়েক বছর শরতের মনোরম আবহাওয়ায় হজ পালিত হবে। এভাবে চক্রাকারে ঘুরতে ঘুরতে ২০৫০ সালের দিকে হজ আবার গ্রীষ্মকালে ফিরে যাবে।

সাধারণত ইংরেজি বা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে হিজরি ক্যালেন্ডার প্রতি বছর প্রায় ১১ দিন এগিয়ে যায়। চাঁদের হিসাব অনুযায়ী দিন গণনার এই পার্থক্যের কারণে হজের সময়ও প্রতি বছর পেছাতে থাকে। প্রায় ৩৩ বছরের একটি চক্র পূরণ করে হজ আবার আগের ঋতুতে ফিরে আসে। এনসিএম ২০৫০ সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী হজের ক্যালেন্ডার প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে আগামী আড়াই দশক হজযাত্রীদের আর তপ্ত রোদের প্রখরতার সঙ্গে লড়তে হবে না।

সাম্প্রতিক বছরগুলোতে মক্কার মসজিদে হারাম ও আরাফাতের ময়দানে তাপমাত্রা ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হয়েছে। প্রচণ্ড গরমে অনেক হজযাত্রী অসুস্থ হয়ে পড়তেন, বিশেষ করে বয়স্কদের জন্য ছিল চরম শারীরিক পরীক্ষার সময়। ২৫ থেকে ৩০ মে’র মধ্যে এ বছর হজ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা মূলত বসন্তের আবহাওয়ায় পড়বে।

আবহাওয়া অফিস বলছে, এই পরিবর্তনের অর্থ এই নয় যে মক্কায় একেবারেই গরম থাকবে না। তবে মে মাসের শেষের দিকে তাপমাত্রা গ্রীষ্মের সেই চরম পর্যায়ের চেয়ে অনেক কম ও সহনশীল থাকবে। এতে করে মিনায় অবস্থান, আরাফাতের ময়দানের দীর্ঘ পথ পাড়ি দেওয়া এবং মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটানোর মতো হজের গুরুত্বপূর্ণ রোকনগুলো পালন করা অনেক সহজ হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে ভিড় ব্যবস্থাপনা এবং হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সৌদি কর্তৃপক্ষের জন্য যেমন সহজ হবে, তেমনি হাজিরাও স্বাচ্ছন্দ্যে ইবাদত-বন্দেগি পালন করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়