শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিসিটিভিতে ধরা পড়ল হত্যার কৌশল: মা-মেয়ে হত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে থানার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম এ তথ্য জানান।

ওসি জানান, পাশাপাশি বাসা হওয়ায় নিহত রোকেয়া রহমানের সঙ্গে তার মেয়ের গৃহশিক্ষিকা মীমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সুযোগ নিয়ে গৃহশিক্ষিকা মীম তিনটি এনজিও থেকে মোট এক লাখ ৫০ হাজার টাকা ঋণ নেন, যার গ্যারান্টার ছিলেন রোকেয়া। সময়মতো ঋণের কিস্তি পরিশোধ না করায় রোকেয়া টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকেন। এ দ্বন্দ্ব থেকেই মূলত হত্যাকাণ্ডের সূত্রপাত হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রথমে গৃহশিক্ষিকা মীম (২২) ও তার ছোট বোন নুর জাহান মিলে রোকেয়ার মেয়ে ফাতেমাকে গলায় চাপ দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে মীম ফোন করে রোকেয়াকে জানান, তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। মেয়েকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলে রোকেয়াকে গৃহশিক্ষিকার বাসায় ডেকে আনা হয়।

রোকেয়া বাসায় প্রবেশ করলে মীম ও নুর জাহান দুই বোন মিলে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর রোকেয়ার মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। আশ্চর্যজনকভাবে, মীম সেই খাটের ওপরেই নিয়মিত ঘুমাতেন বলে জানায় পুলিশ।

ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফাতেমা শিক্ষিকার বাসায় প্রবেশ করছে। হত্যার পর ফাতেমার পরনের পোশাক পরে নুর জাহান ওই বাসা থেকে বের হয়, যাতে মনে হয় ফাতেমা বাসা ছেড়ে চলে গেছে। প্রকৃতপক্ষে বের হওয়া ব্যক্তি ছিল মীমের ছোট বোন নুর জাহান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহশিক্ষিকা মীম ও তার বোন নুর জাহান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান ওসি।

তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুই বোনকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে গত ৬ জানুয়ারি নিহত রোকেয়ার স্বামী শাহীন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (অপহরণ) অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়