সাগর আকন, বরগুনা: দীর্ঘদিন পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আমির হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৮।
শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এ সময় একটি চা দোকান থেকে তাকে আটক করা হয়।
অভিযানে অংশ নেয় র্যাব-৮ এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও ভোলা ক্যাম্পের যৌথ দল। নেতৃত্বে ছিলেন স্কোয়াড্রন লিডার রাশেদ ও লেফটেন্যান্ট রিফাত।
গ্রেফতারকৃত আমির হোসেন বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের ইসমাইল খানের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ২০০৬ সালে দায়ের করা মামলায় আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর আসামিকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।