শিরোনাম
◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৯ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালি ইলিশ, দীর্ঘদিনের হতাশা কেটে গেছে জেলেদের

নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। দক্ষিণাঞ্চলের বৃহৎ মাছের মোকাম কুয়াকাটা-আলীপুর-মহিপুর ইলিশে সয়লাব হয়ে গেছে। গত ২ দিনে এ মৎস্য-বন্দরগুলোতে ২ হাজার মণ ইলিশ বিক্রয় হয়েছে। আরটিভি

রোববার (৫ সেপ্টেম্বর) এই চিত্র দেখা যায়। এদিকে হাসি ফুটেছে ট্রলার মালিক, আড়ৎদার ব্যবসায়ী ও জেলেদের মুখে। কর্মচাঞ্চল্য ফিরছে উপকূলের মৎস্য বন্দরগুলোতে। জেলে পরিবারের দীর্ঘদিনের হতাশা কেটে গেছে। উপকূলের জেলে পাড়ায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

সরেজমিন ঘুরে দেখা গেছে, দেশের বৃহৎ মাছের মোকাম কুয়াকাটা-আলীপুর-মহিপুর মৎস্য পল্লীতে প্রচুর পরিমাণে ইলিশ উঠেছে। সাগর থেকে ইলিশ ভর্তি সারি সারি ট্রলার ঘাটে ভিড়েছে। ওই সব ট্রলার থেকে ইলিশ নামানো হচ্ছে। পাইকারদের নিকট মাছ বিক্রয় করছেন আড়ৎদাররা। কেউ কেউ মাছের সাইজ আলাদা করছেন। কেউ ইলিশ মাছের ঝুড়ি টানছেন। কেউ প্যাকেট করছেন। আবার কেউ সেই ডোল (প্যাকেট) দেশের বিভিন্ন স্থানে পাঠাতে তুলে দিচ্ছেন ট্রাকে।

অন্যদিকে খুচরা মাছ বাজার ঘুরে দেখা গেছে পর্যাপ্ত ইলিশের সরবরাহ। অলিগলি পাড়া-মহল্লায়ও ভোর থেকে রাত পর্যন্ত চলছে ভ্রাম্যমাণ বিক্রেতাদের ইলিশ বিক্রি। গত কয়েকদিন যাবৎ গড়ে এ মোকাম থেকে ৪৫ থেকে ৫০ টন ইলিশ দেশের বিভিন্ন মোকামে যাচ্ছে। ইলিশের পাশাপাশি অন্যান্য মাছও শিকার করছে জেলেরা।

ইলিশ নিয়ে ঘাটে ফিরে আসা জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাগরে প্রচুর পরিমাণে ইলিশ আছে। জাল ফেললেই ধরা পড়ছে ইলিশ। তবে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে কম। দীর্ঘদিন পর ইলিশের দেখা পেয়ে তারা অনেক খুশি।

মৎস্য ব্যবসায়ী মো. মিজানুর রহমান আরটিভি নিউজকে বলেন, গত কয়েকদিন ধরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। প্রতিদিন গড়ে শুধুমাত্র আলীপুর বন্দরে ২০-২৫ টন ইলিশ উঠে। মাছের সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কমছে। দেড় কেজি ওজনের প্রতি মণ ইলিশের পাইকারি দাম ৪৪-৪৫ হাজার টাকা, এক কেজি সাইজের ইলিশের পাইকারি দাম ৩৭-৪০ হাজার টাকা, ৫০০-৯০০ গ্রাম সাইজের ইলিশের দাম ১৮-২০ হাজার টাকা, জাটকা বিক্রি হচ্ছে ৯-১০ হাজার টাকায়। শুধুমাত্র জাটকা ইলিশ আগে বিক্রয় হতো ১৫-১৬ হাজার টাকায়।

ট্রলার মালিক দুলাল হাওলাদার আরটিভি নিউজকে বলেন, বর্তমানে প্রচুর পরিমাণে ছোট সাইজের ইলিশ ধরা পড়ছে। বড় সাইজের ইলিশ ধরা পড়ছে তুলনামূলক অনেক কম। ৬৫ দিনের অবরোধের সময় ভারতের জেলেরা বড় সাইজের ইলিশ শিকার করছে। এখন যে ইলিশ ধরা পড়ছে তা বেশির ভাগই জাটকা।

আলিপুর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দীন মোল্লা আরটিভি নিউজকে বলেন, বর্তমানে পর্যাপ্ত ইলিশের দেখা মিলেছে। হাসি ফুটেছে জেলেদের মুখে। আলীপুর-মহিপুরে প্রতিদিন গড়ে ৩০ টন ইলিশ কেনা বেচা হচ্ছে। মৎস্য সংশ্লিষ্ট সকলে খুশি। তবে এখন জাটকা ইলিশ ধরা পড়ছে বেশি। তাই জাটকা ইলিশ নিধনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করলে বড় সাইজের ইলিশ আরও বাড়বে।

  • সর্বশেষ