শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০২:৪৩ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৭০ বছরের ইতিহাসে রয়টার্সে প্রথম নারী প্রধান সম্পাদক

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের পরবর্তী প্রধান সম্পাদক হচ্ছেন আলেসান্দ্রা গ্যালোনি। ১৭০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী রয়টার্সকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। প্রথম আলো

৪৭ বছর বয়সী গ্যালোনি বর্তমানে রয়টার্সের অন্যতম শীর্ষস্থানীয় একজন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রয়টার্সের বর্তমান প্রধান সম্পাদক স্টিফেন জে. অ্যাডলারের স্থলাভিষিক্ত হবেন।

প্রায় এক দশক ধরে রয়টার্সের বার্তাকক্ষকে নেতৃত্ব দেওয়ার পর চলতি মাসেই অবসরে যাচ্ছেন অ্যাডলার। তাঁর নেতৃত্বকালে রয়টার্স কয়েক শ পুরস্কার পায়। তার মধ্যে সাংবাদিকতার সর্বোচ্চ সম্মান পুলিৎজারও রয়েছে।

গ্যালোনি রোমের অধিবাসী। তিনি চারটি ভাষা জানেন। রয়টার্সের হয়ে ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক সংবাদ কভারের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ। রয়টার্সের আগে তিনি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় কাজ করেন।

রয়টার্স যখন নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি, তখন সংবাদ সংস্থাটির নেতৃত্ব গ্রহণ করতে যাচ্ছেন গ্যালোনি।

বর্তমানে বিশ্বজুড়ে রয়টার্সের প্রায় ২ হাজার ৫০০ সাংবাদিক আছেন। ২০০৮ সাল থেকে থমসন রয়টার্স করপোরেশনের অংশ রয়টার্স।

রয়টার্স লাভে রয়েছে। এই লাভের পরিমাণ আরও বাড়াতে চান রয়টার্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

গ্যালোনি তাঁর সহকর্মীদের বলেছেন, তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে রয়টার্সের সবচেয়ে বড় গ্রাহক রিফাইনিটিভের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা।

গ্যালোনি লন্ডনে থাকেন। রয়টার্সের বার্তাকক্ষে তাঁর উপস্থিতিকে ‘ক্যারিশমেটিক’ হিসেবে অভ্যন্তরীণভাবে বর্ণনা করা হয়। ব্যবসায়ের খবরাখবরের প্রতি তাঁর গভীর আগ্রহ রয়েছে।

সহকর্মীদের গ্যালোনি বলেছেন, তাঁর অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে—রয়টার্স ডিজিটালকে সমৃদ্ধ করা এবং ব্যবসার বিষয়গুলোকে আরও উৎসাহিত করা।

রয়টার্সের বৈশ্বিক ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বপালনের পর গ্যালোনি সংবাদ সংস্থাটির প্রধান সম্পাদকের দায়িত্ব নিচ্ছেন। ১৯ এপ্রিল তাঁর নিয়োগ কার্যকর হবে।

প্রধান সম্পাদক হিসেবে নিয়োগের বিষয়ে রয়টার্সের ঘোষণায় গ্যালোনি বলেছেন, ১৭০ বছর ধরে রয়টার্স স্বাধীন, বিশ্বস্ত ও বিশ্বব্যাপী রিপোর্টিংয়ের মাননির্ধারণ করেছে। প্রতিভাবান, নিবেদিত ও অনুপ্রেরণাদায়ী সাংবাদিকে ভরা বিশ্বমানের একটি নিউজরুমের নেতৃত্ব দেওয়া তাঁর জন্য একটি সম্মানের বিষয়।

পেশার শুরুর দিকে গ্যালোনি রয়টার্সের ইতালিয়ান ভাষার সংবাদসেবায় কাজ করেন। তিনি একপর্যায়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় যোগ দেন। ১৩ বছর সেখানে কাজ করার পর ২০১৩ সালে তিনি রয়টার্সে ফিরে আসেন।

গ্যালোনি হার্ভার্ড ইউনিভার্সিটি ও লন্ডন স্কুল অব ইকনোমিকস থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

  • সর্বশেষ