মুসবা তিন্নি : চাকরি স্থায়ী করাসহ সাতটি দাবিতে আন্দোলনে নেমেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার ইস্কাটন গার্ডেনে পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তারা এই দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তধস্তির ঘটনা ঘটে। আন্দোলনরতরা সবাই ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে অস্থায়ী পদে চাকরিতে যোগ দিয়েছিলেন।
সকাল নয়টা থেকে আন্দোলন কর্মকর্তা-কর্মচারীরা দাবি-দাওয়া লেখা ব্যানার নিয়ে ইস্কাটন গার্ডেনে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা চাকরি স্থায়ী করাসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। তারা সড়ক আটকে দাঁড়ালে যান চলাচলে ব্যাঘাত ঘটে। পরে পুলিশ সড়ক থেকে সরিয়ে দিয়ে তারা ফুটপাতে জড়ো হন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধ্বস্তাধস্তির ঘটনা ঘটে। এতে আন্দোলনকারীদের কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
একটি বাড়ি একটি খামার প্রকল্পের (বিলুপ্ত) ও পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরতরা গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনেও অবস্থান কর্মসূচি পালন করে। পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলায়মান ঢাকা টাইমসকে বলেন, ‘আজ আমাদের ঘেরাও কর্মসূচি ছিল। কিন্তু পুলিশ-প্রশাসনের অনুরোধে আমরা তা প্রত্যাহার করে নিয়েছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। কিন্তু পুলিশ অবৈধ প্রশাসনের নির্দেশে আমাদের লাঠিচার্জ করেছে। এতে আমাদের প্রায় পঞ্চাশজন কর্মী আহত হয়ে হাসপাতালে গেছেন।
তিনি বলেন, ‘আমরা যে সাতটি দাবি করেছি। কর্তৃপক্ষ এগুলো মেনে তো নেইনি বরং সকালে অবৈধ পরিপত্রের মাধ্যমে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পায়তারা করছে। আমরা বেতনভাতা পাচ্ছি না। পরিবার পরিজন না খেয়ে আছে। পল্লী সঞ্চয় ব্যাংকের শাহরাস্তি উপজেলার শাখা ব্যবস্থাপক শাহ মোজাম্মেল হোসেন বলেন, ‘গত ২৭ জুন বোর্ড মিটিংয়ের মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মকর্তা পদে ১৪৯জনকে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ আমরা হাইকোর্টে রিট করে এই নিয়োগে স্থগিতাদেশ নিয়েছিলাম। বোর্ড কর্তৃপক্ষ এটি মানেনি। আমরা বিভিন্ন সময় চাকরি স্থায়ী করার দাবি করলে কর্তৃপক্ষ বিভিন্ন টার্গেট দিয়েছে। সেই টার্গেট পূর্ণ করলে চাকরি স্থায়ী করার কথা ছিল। আমরা তা করেছি কিন্তু চাকরি স্থায়ী হয়নি।
একটি বাড়ি একটি খামার প্রকল্পে নিয়োগপ্রাপ্ত মাঠ কর্মকর্তা ইমরান হোসেন জানান, সারা দেশ থেকে প্রায় পাঁচ হাজার পাঁচশ কর্মকর্তা-কর্মচারী আন্দোলনে অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের দিয়ে প্রকল্পের কাজ করানো হয়। ব্যাংকের কাজ করানো হয়। কিন্তু গত আট বছর ধরে কাজ করছি। আমাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না।’
আন্দোলনকারীদের দাবিগুলো হচ্ছে, ২০১৬ সালের ৩০ জুনের আগে নিয়োগকরা একটি বাড়ি একটি খামার প্রকল্পের সব জনবলকে পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি স্থায়ী করতে পরিপত্র জারি করতে হবে। স্থানান্তর প্রহসন বন্ধ করে বিগত তিন বছরের ইনক্রিমেন্ট, দৈনিক ভাতা ও সব সুযোগ সুবিধা দিতে হবে। সব পদের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি অগ্রাধিকার ভিত্তিতে দিতে হবে।
তাদের চাকরি স্থায়ী করার আগে নতুন জনবল ক্যাশ সহকারী, সিনিয়র অফিসার, উপ-আঞ্চলিক কর্মকর্তা পদে পদায়ন করা যাবে না। নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। হাইকোর্টের নিষেধ অমান্য করে দেওয়া নিয়োগ বাতিল করতে হবে এবং আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের কোনো ধরনের হয়রানি করা যাবে না।
আন্দোলনকারীরা জানান, তারা দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত মাঠে থাকবেন। প্রয়োজনে তারা প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন। ঢাকা টাইমস